যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার ১৬ নভেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এই হামলার ঘটনাটি ঘটে।
জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি ঘিরে ভেন্যুর বাইরে অবস্থান নিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১০টার দিকে বের হওয়ার সময় লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের দৃশ্য দেখা গেছে। এর আগে গত ১৫ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামের একটি আলোচনা সভা ঘিরে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।
লন্ডনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যারা নিজেরাই এই সহিংসতা প্রত্যক্ষ করেছেন।
বিদেশের মাটিতে এ ধরনের সহিংসতাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি অভিহিত করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি এখন বিদেশেও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও গণতান্ত্রিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
যুক্তরাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। তিনি যুক্তরাজ্য সরকারকে এই ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

