বইয়ের রয়্যালটি না পাওয়ায় সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়

ফেসবুক লাইভে এসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ে তার ক্ষোভের কথা তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেছেন যে, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে তার কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। এসব কর্মসূচির অনুমতি পেতে তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে বলেও তিনি জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় তার লাইভে সবচেয়ে বড় অভিযোগটি করেছেন নিজের লেখা শতাধিক বইয়ের রয়্যালটির অর্থ না পাওয়া নিয়ে। দীর্ঘ সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত এই নেত্রীর প্রবন্ধ, গল্প ও কবিতার শতাধিক বই রয়েছে। অতীতে তিনি একাধিকবার জানিয়েছেন, তার বই বিক্রির রয়্যালটি থেকেই তার সংসার চলে। কিন্তু পশ্চিমবঙ্গে পালাবদলের পর থেকে তিনি এই রয়্যালটি আর পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আঙ্গুল তুলেছেন বিজেপি সরকারের দিকে। তিনি বলেন, তাকে নানা কু'কথা বলা হয়, অথচ সবাই জানে যে তিনি আজ পর্যন্ত কোনো বেতন বা পেনশন গ্রহণ করেননি। তার সংসার চলে বইয়ের রয়্যালটি দিয়ে। কিন্তু এ বছর সেই রয়্যালটিও তিনি পাননি। তিনি দাবি করেন, নিশ্চয়ই বিজেপির ভয়ে প্রকাশকরা মুখ বন্ধ করে বসে আছেন। সাবেক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সরকারের থেকে পেনশন না নেওয়ায় রয়্যালটি আটকে তার আয়ের মূল উৎসই বন্ধ করে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে।

এছাড়া তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাকে আটকানোর যত চেষ্টাই করা হোক না কেন, তিনি দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াবেন। তিনি আরও বলেন, আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি।