গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এই লংমার্চের যাত্রা শুরু হবে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, শাপলা চত্বরে সমাবেশের পর লংমার্চের গাড়ি বহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হবে।
লংমার্চের প্রস্তুতি সম্পর্কে জামায়াতে ইসলামীর নেতারা জানান, শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ শাপলা চত্বরের সমাবেশস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই স্থানটি নির্বাচন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অসংখ্য আন্দোলনের সূতিকাগার এই শাপলা চত্বর থেকেই লংমার্চের শুভ সূচনা করা হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এই লংমার্চে নেতৃত্ব দেবেন।
১১ দলীয় ঐক্যের নেতারা আরও জানান, শাপলা চত্বরটি অতীতে বিভিন্ন বড় বড় রাজনৈতিক কর্মসূচির সাক্ষী হয়ে আছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জোটের বড় বড় আন্দোলন এবং হেফাজতে ইসলামের সমাবেশের কারণে স্থানটি অত্যন্ত আলোচিত। এছাড়া যাত্রার সুবিধার্থে এবং জনসভার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২০

