জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন: ডা. শফিকুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দ্বীন, দেশ ও জাতির কল্যাণে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের বর্তমান সময়ে বড়ই প্রয়োজন। ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তার দীর্ঘ সংগ্রাম এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদান মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী ২০২১ সালের ১৯ আগস্ট মহান রবের ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেন। জামায়াত আমির তার পোস্টে দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর সকল খেদমত কবুল করেন, তার ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন এবং তার রেখে যাওয়া দ্বীনি দায়িত্বগুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করেন।