জুলাই সনদের বিষয়ে সরকার বা সরকারি দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর উত্তরা আই ইউ বি টি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এটি নিয়ে সরকার বা সরকারি দল এবং বিরোধী দলগুলো আলোচনার টেবিলে বসতে পারে। সেখানে যদি আরও কিছু কথা বলার বা সংযোজন করার থাকে, তবে তা করতে অসুবিধা কোথায়? তিনি আরও বলেন, যেসব বিষয় আইনিকরণ করা দরকার তা পার্লামেন্টে এবং যেসব বিষয় সংবিধান সংশোধন করা প্রয়োজন, তা সম্পন্ন করে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। তবে এর জন্য দ্রুত আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা জরুরি। কারণ নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে; বিপুল পরিমাণ অর্থ এবং দেশের বাইরে থেকে মদদ পেয়ে তারা আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, ভয়ঙ্কর দানবের কাছ থেকে জুলাই-আগস্টের এই পরিবর্তনের মাধ্যমে কমপক্ষে গণতন্ত্রের কিছুটা আলো দেখানোর চেষ্টা হয়েছে। এখন কমপক্ষে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা রয়েছে। কেউ সরকারের জোরালো সমালোচনা করলে তাকে গুম হতে হবে কিংবা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে—সেই পরিস্থিতি এখন আর নেই। কথা বলা ও সমালোচনা করা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম অপরিহার্য উপাদান, যা আগে ছিল না; জুলাই আমাদের সেটি নিশ্চিত করেছে।
রিজভী আরও বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর ও তীক্ষ্ণ। এই তাৎপর্যকে আমাদের আরও উপলব্ধি করতে হবে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করতে হবে। আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কমপক্ষে কতগুলো প্রধান ইস্যুতে একটি ন্যূনতম সমঝোতা থাকতে হবে। সেই সমঝোতা না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন হবে; আর এই বিপন্ন হওয়ার পথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাও বিঘ্নিত হতে পারে।
সেমিনারে এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) এবং এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ চঞ্চলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

