রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এই কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন যে, ফ্যাসিবাদী খুনিদের বিচারে সরকার শিথিলতা দেখাচ্ছে বলেই তারা দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে।
রাত ৮টা ৪৫ মিনিটে ভাটারা থানার সামনে থেকে গুলশান থানা জামায়াতের উদ্যোগে মিছিলটি বের হয়। সমাবেশে ইয়াসিন আরাফাত বলেন, গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা মিছিল করেছে। এর প্রতিবাদেই আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। তিনি আরও বলেন, যারা শত শত মায়ের বুক খালি করেছে, যারা এ দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হতে পারে না।
প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে। দেশে নিষিদ্ধ সংগঠনের যেসব মিছিল হচ্ছে, সেসব বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের তালবাহানা করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দলটির কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এ সময় গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম এবং গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

