দিল্লিতে যুদ্ধকালীন পরিস্থিতি, শশী থারুরের তীব্র সমালোচনা

ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনীর মোতায়েনকে ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য ও জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক শশী থারুর। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, রাত ২টার পর দিল্লিতে ফিরে তিনি এমন পরিস্থিতি সচরাচর দেখেননি। থারুর অভিযোগ করেন, মানুষের চলাচলের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নাগরিকেরা যাতে শান্তিপূর্ণভাবে প্রশ্ন তুলতে না পারেন, সেজন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজধানীর প্রাণকেন্দ্রে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে একে সবচেয়ে পশ্চাৎমুখী ও দমনমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন তিনি। শশী থারুর আরও বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এড়াতে সরকার রাজধানীকেই দুর্গে পরিণত করেছে, যা জনসাধারণের সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। তার মতে, ব্যারিকেড দিয়ে নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়; বরং জনগণের প্রশ্নের দ্রুত জবাব দিলেই পরিস্থিতি শান্ত হবে।

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার থেকেই দিল্লি থমথমে হয়ে আছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী শহরটিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। শনিবার সকাল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিক্ষোভে যোগ দিতে আসার পরপরই সিজেপির শীর্ষ নেতৃত্ব, বামপন্থী ছাত্র নেত্রী নেহা বোরা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়েছে। বিবিসি’র তথ্য অনুযায়ী, সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকেই আটক করা হয়। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে এবং সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিউজ ইয়র্ক টাইমসের সাংবাদিক লিদিয়া পলগ্রিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, দিল্লির রাস্তায় পুলিশি তাণ্ডব চলছে। পুলিশ রাস্তায় যাকে পাচ্ছে, তাকেই ধরে বাস ও পুলিশের ভ্যানে তুলে নিচ্ছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।