জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের কাজে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ অঞ্চলের প্রতিটি রাজনৈতিক পটপরিবর্তনে আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করলেও পরবর্তীতে রাষ্ট্র পুনর্গঠনে তাদের অবমূল্যায়ন করা হয়, যার পরিণতি কখনো ভালো হয় না।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, উলামাদের রক্ত ও ঘামের বিনিময়ে অর্জিত পটপরিবর্তনের পর রাষ্ট্র গঠনে তাদের দূরে রাখা একটি নির্মম সত্য। এর ফলে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে নিজেদের জীবন ও রক্ত উৎসর্গ করে, তা শেষ পর্যন্ত অপূর্ণই থেকে যায়। তাই দেশ পুনর্গঠনে আলেমদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
দেশের চলমান সংকট ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ডেঙ্গু ও হামের প্রকোপে শত শত মানুষের প্রাণহানি ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের দুর্ভোগ লাঘবে সরকারের উদাসীনতা স্পষ্ট। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সংকট সমাধানের চেষ্টা করার সমালোচনা করে তিনি বলেন, দাম না বাড়িয়ে সমস্যার গভীরে গিয়ে মূল সমস্যার সমাধান করতে হবে।
সকাল ৯টায় শুরু হওয়া এই ওলামা সামিটে চরমোনাই পীর ছাড়াও দেশের শতাধিক শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের আলেম অংশ নেন। অনুষ্ঠান শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত নতুন কমিটিতে মুফতি মিজানুর রহমান সাঈদকে কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসাইনকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক এবং মুফতি শামসুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সামিটের মঞ্চে বিশিষ্ট আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং মুফতি লুৎফুর রহমান ফরায়েজীসহ দেশের বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ।

