ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে সচেতনতামূলক কর্মসূচি নেবে বিএনপি

ডেঙ্গু মোকাবিলায় ঢাকাসহ সারা দেশে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তৈরি করা এই প্রচারপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে দলটির।

শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও মশারি সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সচেতনতামূলক কাজে সম্পৃক্ত করার প্রধানমন্ত্রীর আহ্বানকেও সাধুবাদ জানিয়েছে দলটি।

সভায় আবর্জনা থেকে এডিস মশার বিস্তার রোধে স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিএনপি এই কার্যক্রম দলীয়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন কমিটিতে শূন্য পদ পূরণের জন্য নিচের পদে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের শিডিউল ঘোষণা করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনে দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সভায় স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার প্রথমবারের মতো অংশ নেন। সভায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থায়ী কমিটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।