প্রেস ক্লাবে ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে স্বেচ্ছাসেবক দলের হামলা

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সংগঠনটির নেতাদের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়।

জানা গেছে, হবিগঞ্জে আলিফের চোখ উপড়ে ফেলা, বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা, কুড়িগ্রামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক দিনার মিনহাজ এবং নেত্রকোনায় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শাহ আলমের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শনিবার বাদ আসর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলাকালে লাঠিসোঁটা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিলের নামে মহড়া শুরু করেন। এক পর্যায়ে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হন।

হামলার নেতৃত্বদানকারী হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম ইমনের নাম উঠে এসেছে, যিনি ‘আমরা জুলাই যোদ্ধা’ নামক একটি সংগঠনেরও আহ্বায়ক। ভিডিও ফুটেজে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হাদিস হাওলাদার এবং মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইসলামকেও হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে।

আশরাফ উদ্দিন মাহদি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে এবং তাদের প্রেস রিলিজ কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন তৈরি করে সহিংসতার পথ বেছে নেওয়া হচ্ছে। অতীতে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার নাম ব্যবহার করে একই কৌশল অনুসরণ করেছিল, বিএনপিকেও সেই পরিণতির সতর্কবার্তা দেন তিনি। ওলামা অ্যালায়েন্সের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি মাহমুদ হাসানও এ ঘটনার নিন্দা জানিয়ে আলেম-ওলামাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।