অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তা করার ঘটনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, এটি ঘটতেই থাকবে। নিউ ইয়র্কের টাইম টেলিভিশনে আয়োজিত এক টকশোতে তিনি মন্তব্য করেন, আমার মনে হয়, এটি তো কেবল শুরু। যতক্ষণ পর্যন্ত আমরা দেশের মঙ্গল না চাই, ততক্ষণ সারা পৃথিবীতেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
ড. সিদ্দিকুর রহমান দাবি করেন, ড. ইউনূসের বর্তমান পরিস্থিতির সঙ্গে তার নোবেল লরিয়েট বা ড. ইউনূস হওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, গত দুই বছরে ড. ইউনূস যেসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তার ফল হিসেবেই তাকে অভিনন্দন জানানোর মতো কোনো অবস্থা তিনি অবশিষ্ট রাখেননি। তিনি অভিযোগ করেন, ড. ইউনূস অন্যায়ভাবে ও অসাংবিধানিকভাবে দেশের শাসনভার গ্রহণ করেছেন এবং অসাংবিধানিকভাবে নির্বাচন করে সরকার গঠন করেছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই নেতা আরও অভিযোগ করেন, ড. ইউনূসের নির্দেশে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তার সময়কালে জুলাই-আগস্টে প্রায় হাজারের মতো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে ইনডেমনিটি দিয়ে ক্ষমা করে দেওয়া হয়েছে। এ ছাড়া এক লাখেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলে রাখা এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়গুলোও তিনি উল্লেখ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির আগে যে ছাত্র সংগঠনটি গঠিত হয়েছিল, তাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট করেন যে, এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর অনুসারীদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সুযোগ নেই, এটি আমাদের ডিকশনারিতে নেই।
তারেক রহমানের সফরসঙ্গীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনার কথা উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, সরকারের প্রতি তার বা দলের কর্মীদের যে ক্ষোভ ও অভিমান রয়েছে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে দোষারোপ না করে দাবি করেন, এই ঘটনাটি ঘটেছে ড. ইউনূসের নিজের কৃতকর্মের জন্য। তিনি বলেন, ড. ইউনূসকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি, তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তিনি আরও বলেন, যারা এই দেশটাকে ধ্বংস ও বিক্রি করে দিয়েছেন, তাদের সবারই এমন পরিণতি ঘটবে।
ডিসেম্বরে দেশে ফিরে আসার বিষয়ে তিনি বলেন, তখন দেখা যাবে আওয়ামী লীগ আছে কি নেই। তিনি পুনর্ব্যক্ত করেন যে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হবে এবং কারাবন্দি নেতাদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ এই পরিস্থিতির শেষ হবে না। জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, জাতির কাছে ক্ষমা চাইতে হলে উনাকেই চাইতে হবে, আমরা কেন চাইবো? তিনি আরও বলেন, ৫ আগস্ট পর্যন্ত যাদের হত্যা করা হয়েছিল, তাদের কারা হত্যা করেছে তা কমিশন করে বের করা উচিত। সবশেষে তিনি বলেন, ড. ইউনূস তার ব্যক্তিগত আক্রোশ থেকে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন এবং মব কালচার তৈরি করেছেন।

