আজ বিশ্ব গগনচুম্বী অট্টালিকা দিবস: স্থাপত্য ও প্রকৌশলের জয়গান

প্রতি বছর ৩রা সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব গগনচুম্বী অট্টালিকা দিবস’। আকাশ পানে ছুঁয়ে থাকা এই স্থাপনাগুলো কেবল কংক্রিট, ইস্পাত ও কাচের সমন্বিত অবয়ব নয়; এগুলো মানব সভ্যতার অগ্রযাত্রা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নির্মাণের প্রতীক। দিবসটি মূলত মানুষের মেধা, বিজ্ঞান, প্রযুক্তি, স্থাপত্য এবং প্রকৌশলের সম্মিলিত সাফল্যকে উদযাপনের একটি উপলক্ষ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের উদ্ভাবনী শক্তি অসীম এবং সৃজনশীল চিন্তা ও গবেষণার মাধ্যমে অসম্ভব মনে হওয়া স্বপ্নকেও বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

‘স্কাইস্ক্র্যাপার’ বা আকাশচুম্বী ভবনের জনক হিসেবে পরিচিত লুইস এইচ. সুল্লিভানের জন্মদিনে তাঁকে সম্মান জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। ১৮৮০ সালের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ‘গগনচুম্বী’ শব্দটি ব্যবহৃত হয়। গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী, ১৮৮৫ সালে শিকাগোতে মেজর উইলিয়াম লেবারন জেনির স্থাপত্যে প্রথম আকাশচুম্বী ভবন নির্মিত হয়েছিল। আধুনিক যুগে এসে নিউ ইয়র্ক, শিকাগো, দুবাই, সাংহাই, হংকং ও সিঙ্গাপুরের মতো শহরগুলোর পরিচয়ের সঙ্গে স্কাইস্ক্র্যাপার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সীমিত জমিতে ক্রমবর্ধমান জনসংখ্যা ও ব্যবসায়িক চাহিদা মেটাতে শহরগুলোকে ওপরের দিকে বিস্তৃত হওয়ার প্রয়োজন থেকেই এই সুউচ্চ ভবনের ধারণা আরও শক্তিশালী হয়েছে।

আধুনিক প্রকৌশল ও প্রযুক্তি এই অট্টালিকাগুলোকে কেবল উচ্চতায় নয়, বরং নিরাপত্তার দিক থেকেও অনন্য করে তুলেছে। প্রবল বাতাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপত্য, পরিবেশবিজ্ঞান ও নগরপরিকল্পনার নিখুঁত সমন্বয় ঘটাতে হয়। বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা (৮২৮ মিটার), মালয়েশিয়ার মেরদেকা ১১৮, চীনের সাংহাই টাওয়ার, সৌদি আরবের মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এবং চীনের পিং অ্যান ফাইন্যান্স সেন্টার আধুনিক প্রকৌশলের অনন্য নিদর্শন। এসব ভবন শক্তি সাশ্রয় ও টেকসই নির্মাণ প্রযুক্তির নতুন মানদণ্ড স্থাপন করেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের আবিষ্কৃত ‘টিউব স্ট্রাকচারাল সিস্টেম’ আধুনিক বহুতল ভবন নির্মাণের বৈপ্লবিক ভিত্তি তৈরি করেছে, যা ছাড়া বুর্জ খলিফার মতো বিশাল কাঠামো নির্মাণ অসম্ভব ছিল। পরবর্তীতে উইলিয়াম এফ. বেকার এই পদ্ধতিকে উন্নত করে ‘বাট্রেসড কোর’ সিস্টেম উদ্ভাবন করেন। বাংলাদেশেও শান্তা পিনাকলের মূল স্থপতি এহসান খান (ইকে আর্কিটেক্টস) এবং প্রকৌশল সহায়তা দিয়েছে মাইনহার্ট সিঙ্গাপুর। মতিঝিলের সিটি সেন্টারের নকশায় যৌথভাবে স্থপতি টিআইএম নুরুন্নবী চৌধুরী ও বায়েজিদ মাহবুব খন্দকার (সাইট ফোর্স ও আরবান কন্টেক্সট)। তেজগাঁওয়ের ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ভবনের প্রধান স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ (ভলিউমজিরো)। আর গুলশানের হিলটন ঢাকা ভবনের আন্তর্জাতিক স্থাপত্য নকশায় এইচবি ডিজাইন ও প্রকৌশল সেবা দিয়েছে ইইসি লিনকন স্কট।

বিশ্ব স্কাইস্ক্র্যাপার দিবস আমাদের কেবল উঁচু ভবনের সৌন্দর্যই দেখায় না, বরং উন্নয়নের উচ্চতা কতটা টেকসই, শহর কতটা বাসযোগ্য এবং প্রযুক্তির অগ্রগতি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা নিয়ে প্রশ্ন করতে শেখায়। কারণ, মানুষের তৈরি ভবন যতই আকাশ ছুঁয়ে ফেলুক, তার ভিত্তি হতে হয় নিরাপত্তা, মানবিকতা ও সুশৃঙ্খল নগরপরিকল্পনার ওপর।