বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরিয়ে দেওয়ার ভাবনায় হোয়াইট হাউস

চীনে প্রযুক্তি পণ্য রপ্তানি তদারকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত স্পর্শকাতর চিপ হাতবদল নিয়ে বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক গুপ্তচর কেলেঙ্কারির প্রেক্ষাপটে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা লুটনিককে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। একই সঙ্গে মার্কিন প্রশাসনের কালো তালিকায় ডজন ডজন চীনা কোম্পানিকে যুক্ত করতে ব্যর্থ হওয়া এবং চীনে প্রযুক্তি রপ্তানির দুর্বল নজরদারি নিয়ে বিভিন্ন মার্কিন আইনপ্রণেতারাও তাঁর বিরুদ্ধে তীব্র সমালোচনা মুখর হয়েছেন।

প্রতিবেদন মতে, সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেনসেন হুয়াং। অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে মার্কিন কর্তৃপক্ষের জোরালো সন্দেহ রয়েছে। ২০২৪ সালের জুন থেকে এই মেগাস্পিড কোম্পানিটি ৪.৮ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকা) মূল্যের এনভিডিয়া এআই চিপ সংগ্রহ করেছে। সিনেটরদের একাংশের অভিযোগ, চীনে এসব উন্নত এআই চিপ পাঠানো রুখতে বাণিজ্যমন্ত্রী লুটনিক প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি।

বিতর্কের তীব্রতা বাড়ায় হাওয়ার্ড লুটনিককে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট আগামী ৩ ডিসেম্বর তাকে কমিটি ও আইনপ্রণেতাদের সামনে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সার্বিক ইস্যুতে হোয়াইট হাউস এবং মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবারের শুরুতে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেছিলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তাঁর বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা বজায় রয়েছে।

চলতি বছরের জুনে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, জাতীয় নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ঝুঁকি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন চীনের এআই স্টার্টআপ ডিপসিক এবং মেমরি চিপ প্রস্তুতকারক সিএক্সএমটিসহ ১০০টিরও বেশি সংস্থাকে কালো তালিকায় যুক্ত করার বিষয়টি স্থগিত রেখেছিল। এমনকি ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র সরকার ওই তালিকায় নতুন করে কোনো সংস্থাকে যুক্ত করেনি। রিপাবলিকান সিনেটর জন কেনেডি জানান, লুটনিককে সরিয়ে দেওয়া উচিত কিনা সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে উত্থাপিত প্রশ্নগুলোর দ্রুত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, রিপাবলিকান সিনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলার রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ না করার ব্যাখ্যা দাবি করেছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস ও এলিজাবেথ ওয়ারেন যৌথভাবে চিঠি পাঠিয়েছেন বাণিজ্যমন্ত্রী লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে। সেখানে এনভিডিয়া থেকে চীনে উন্নত এআই চিপ রপ্তানি সংক্রান্ত সমস্ত নথি অবিলম্বে সংরক্ষণের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন এবং রিচার্ড নিল চীনা প্রতিষ্ঠানের কাছে এসব চিপ বিক্রির অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

আইনপ্রণেতারা ২০২৫ সালের ডিসেম্বরে চীনে শক্তিশালী এইচ২০০ এআই চিপ বিক্রির অনুমতি দেওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। রপ্তানির একটি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়েছিল, যাকে অসাংবিধানিক রপ্তানি কর হিসেবে আখ্যা দেন তাঁরা। তবে রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সংসদীয় তদন্তের দাবি জানালেও লুটনিকের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন।