রাশিয়া থেকে জ্বালানি কেনা দেশগুলোর ওপর ১০০ ভাগ শুল্কের বিল মার্কিন সিনেটে

রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রেখে একটি দ্বিপক্ষীয় বিল সামনে এগিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এই বিলের ফলে চীন ও ভারতের মতো বড় ক্রেতা দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের পথ প্রশস্ত হতে পারে। রিপাবলিকান ও ডেমোক্রেটদের যৌথ উদ্যোগে আনা এই বিলটি সিনেটে ৮৬-১২ ব্যবধানে প্রাথমিক ভোটে জয়ী হয়েছে।

বিলটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সরকারি কর্মকর্তা, অলিগার্ক ও ব্যাংকগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত 'শ্যাডো ফ্লিট' বা গোপন নৌবহরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূল প্রস্তাবের অংশ হিসেবে চীন ও ভারতের মতো বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ ভাগ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। তবে যেসব দেশ নিজেদের মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ ভাগের কম অংশ রাশিয়া থেকে নেয় এবং এই নির্ভরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করছে, সেগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হতে পারে। এছাড়া ট্রাম্পের অনুরোধে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর নির্দিষ্ট প্রস্তাবও এতে যুক্ত করা হয়েছে।

সিনেটে বিলটি পাসের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাপিটল হিলে সিনেটরদের সাথে বৈঠক করেন। জ্বালানি বিক্রি থেকে রাশিয়ার হাতে আসা বিপুল পরিমাণ অর্থ বন্ধ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের তহবিল আটকানোই এই আইনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিলের সমর্থকরা। তবে কয়েকজন ডেমোক্রেট সদস্য ট্রাম্পকে অতিরিক্ত শুল্ক নির্ধারণের ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে এবং সেপ্টেম্বরের দিকে সেখানে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।