ইরানের হামলার পরিপ্রেক্ষিতে সংহতি প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
চিঠিতে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে অর্থনৈতিক, উন্নয়নমূলক এবং মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানান, সুবিধাজনক প্রথম সুযোগেই তিনি সরকারি সফরে বাংলাদেশে আসতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করবে।
ইউএই প্রেসিডেন্টের চিঠিতে উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বজায় রয়েছে।

