নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই এবারও শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নিজের মুখেই তিনি এই আগ্রহের কথা জানিয়েছেন। অথচ তার বিরুদ্ধে বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে সংঘর্ষে জড়ানো এবং যুদ্ধ পরিস্থিতির অভিযোগ রয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে দখলের পরিকল্পনা এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন তিনি। এছাড়া গাজায় রিভেরা তৈরির পরিকল্পনা এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়ার মতো পদক্ষেপও নিয়েছেন তিনি। কিউবার ওপর একের পর এক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন দেশের বাণিজ্যে উচ্চ শুল্ক আরোপের বিষয়টিও তার আমলে অব্যাহত রয়েছে।

এতসব বিতর্কিত কাজের পরও ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবি করছেন। তবে তিনি পুরস্কারটি জিতবেন কি না, তা নিয়ে নিজের মধ্যেই সংশয় রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার ২০২৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, নোবেল কমিটির সুনাম রয়েছে, তাই তারা হয়তো আমার মতো কাউকে পুরস্কার নাও দিতে পারে। গত বছর হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকেই তিনি নিজেকে এই পুরস্কারের দাবিদার হিসেবে উপস্থাপন করে আসছেন। ওভাল অফিসে তিনি মন্তব্য করেন, এখন সেই সময় এসেছে। গতবার পরোক্ষভাবে পুরস্কারটি পেয়ে তিনি সম্মানিত বোধ করেছেন বলেও উল্লেখ করেন। মূলত ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জেতার পর তা ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন, যা তিনি পরোক্ষ প্রাপ্তি হিসেবে দাবি করেন।

ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন, যার ফলে তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য। কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দিয়েছেন বলে তিনি দাবি করলেও এর সত্যতা যাচাইয়ের কোনো সুযোগ নেই। অন্যদিকে, যেসব সংঘাত সমাধানের দাবি ট্রাম্প করেছেন, তার অনেকটিতেই সংশ্লিষ্ট পক্ষগুলো তার কূটনৈতিক ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছে এবং কিছু অঞ্চলে নতুন করে লড়াই শুরু হয়েছে। বিশেষ করে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে অস্থিরতা রয়ে গেছে। হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও তা তার নাগালের বাইরেই রয়ে গেছে। এছাড়া ইরান ও ইসরাইলের সাম্প্রতিক উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও গ্যাসের দামে অস্থিরতা তৈরি করেছে, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উদ্বেগের কারণ হয়েছে। এবারের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য তালিকায় পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের নাম আলোচনায় রয়েছে।