টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলিম আহম্মেদের (৩০) জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। রবিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার শুনানি শেষে এই আদেশ দেন এবং অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মুসলিম আহম্মেদ টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই একই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত বুধবার স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর বৃহস্পতিবার বিকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সামনে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।