বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সহায়তার বিষয়টি নিয়েও ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বর্তমানে চলমান জ্বালানিসংকট এবং নতুন করে জ্বালানি সহায়তা পাওয়ার অনুরোধ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানান, ভারত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের জন্য একটি চলমান চুক্তি রয়েছে যা এখনো বহাল আছে। তবে অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ জানানো হয়েছে, সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা এবং ডিজেলের সার্বিক প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।

