নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদের ওপর মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে। কারারক্ষীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এই নির্যাতন চালানো হয় বলে দাবি করেছে তার পরিবার। সোমবার রাতে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই পোস্টে জানানো হয়, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে কিছু অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের আগ্রহ প্রকাশ করেছিলেন তারেক সাঈদ। সেই তথ্য যাতে কোনোভাবেই প্রকাশ না পায়, সেজন্য কেরানীগঞ্জে বসেই জিয়াউল আহসানের নির্দেশনায় মুন্সিগঞ্জ কারাগারে তারেক সাঈদের ওপর এই হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ। সাত খুনের ঘটনার পর থেকেই তারেক সাঈদ দাবি করে আসছিলেন যে, ওই হত্যাকাণ্ডে জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন এবং চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে।
ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাতুল ফরহাদের নির্দেশে অন্তত পাঁচজন কারারক্ষী প্রথমে কারাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর সম্পূর্ণ অন্ধকার ঘরে লাঠি দিয়ে অতর্কিতে হামলা চালিয়ে তারেক সাঈদকে রক্তাক্ত করা হয়। এই হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে।
তবে কারা কর্তৃপক্ষের দাবি ভিন্ন। কারা সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে অন্য এক বন্দিকে দিয়ে জেল সুপারের গায়ে নোংরা পানি ফেলার উসকানি দিয়েছিলেন তারেক সাঈদ। সেই ঘটনার জের ধরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও তারেক সাঈদের পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে বিষয়টিকে একটি পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবেই দেখছে।
এদিকে হামলায় গুরুতর আহত তারেক সাঈদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য মুন্সিগঞ্জের সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেছেন তার মা দিলুয়ারা বেগম। ঘটনাটি কারা কর্তৃপক্ষকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কারাগারের ভেতরে বন্দির ওপর এমন সহিংস হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে তার পরিবার।

