মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, তারা প্রকারান্তরে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার বিকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের। কোনো অজুহাত বা ইস্যু ছাড়াই যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তবে তা ফ্যাসিবাদের অনুসারীদেরই শক্তিশালী করবে। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের দল হিসেবে জনগণের সঙ্গে পথ চলেছে এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তিনি উল্লেখ করেন, ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য মানুষ গুম হয়েছেন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন।
সরকারের বর্তমান কার্যক্রম সম্পর্কে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাত্র সাড়ে ৫ মাস আগে একটি বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান সরকার। এরই মধ্যে বাজেট পাসসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। টাঙ্গাইলের সংসদ সদস্য হিসেবে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী প্রত্যেক জুলাই যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডা. এমএ মতিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এর আগে সকালে টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

