বিহারের মন্দিরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের বিহার রাজ্যের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে প্রার্থনা করতে আসা ভক্তদের মধ্যে বড় ধরনের পদদলনের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনাটি ঘটে। এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং আরও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মন্দির প্রাঙ্গণে থাকা একটি বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে পড়ে। এই ঘটনাটি উপস্থিত ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এই আতঙ্কের জেরে হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে লাখিসরাই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, মন্দিরে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে এমন আশঙ্কায় আগেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষের ভিড় জমে যায়। তিনি আরও জানান, মানুষের প্রচণ্ড চাপে ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে একের পর এক মানুষ নিচে পড়ে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।