উত্তরবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক জনপদ ও নদীতীর থেকে মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের মূর্তি, দুর্লভ ধাতব নিদর্শন এবং ‘দানা’ নামে পরিচিত চোখধাঁধানো রঙিন পাথর অবৈধভাবে তুলে বিদেশে পাচার করছে একাধিক অপরাধী সিন্ডিকেট। নওগাঁর প্রত্যন্ত নদী অববাহিকা থেকে শুরু করে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়, নাটোর ও সিরাজগঞ্জ হয়ে রাজধানীর গুলশান পর্যন্ত বিস্তৃত এই পাচারচক্রের জালে বিপুল পরিমাণের প্রত্নসম্পদ খোয়া যাচ্ছে। সংগৃহীত এসব কোটি কোটি টাকার অমূল্য প্রত্নরত্ন আকাশপথে ব্যাংকক, বেইজিং এবং ভারতের দিল্লি ও জাবালপুরের বাজারে পাচার হয়ে যাচ্ছে।
অনুসন্ধানী তথ্যে জানা গেছে, নওগাঁর পোরশা উপজেলার নিতপুরের টেকঠা এলাকায় পুনর্ভবা নদীর তীর ঘেঁষে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে প্রতিদিন বেপরোয়া মাটি খোঁড়াখুঁড়ি চলছে। শেরশাহ ও সুজাউদ্দীন আমলের প্রাচীন বাণিজ্যকেন্দ্র ও ঐতিহাসিক কালীমন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই জনপদে শত শত বছর আগের প্রাকৃতিক দুর্যোগ ও দেশভাগের কারণে প্রচুর প্রত্নসম্পদ ভূগর্ভে চাপা পড়ে যায়। বছরকয়েক আগে টেকঠা ভিটায় মাটি কাটার সময় কিছু অমূল্য প্রাচীন জিনিসের সন্ধান মিললে স্থানীয়ভাবে খননের উন্মাদনা শুরু হয়। প্রতিদিন কোদাল ও শাবল হাতে দলবেঁধে চার-পাঁচ ফুট মাটি খুঁড়ে গোল্ড ও সিলভার অলঙ্কার, প্রাচীন মুদ্রা, চকচকে পাথর এবং কষ্টিপাথরের মূর্তির খোঁজ করছে শত শত মানুষ। ১০ গ্রাম ওজনের একটি বিশেষ পাথর পেলেই ৫ থেকে ৭ লাখ টাকায় বিক্রি হচ্ছে।
প্রত্নবস্তু আহরণের বিষয়ে পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, সাত-আটজন মিলে তিন দিন ধরে মাটি খুঁড়ে তারা একটি ‘জালি বল’ বা ‘দানা’ পান। পরে সেটি জামিরুল নামের এক ব্যক্তির কাছে এক লাখ ষাট হাজার টাকায় বিক্রি করা হয়। নিতপুর এলাকার সাবেক ইউপি সদস্য গামা অভিযোগ করে জানান, এসব ঐতিহাসিক সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি প্রত্নসম্পদ আহরণ ও পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তদন্তে উঠে এসেছে, মূল্যবান ‘দানা’ এবং আস্ত ‘কষ্টিপাথরের মূর্তি’ বেচাকেনায় পৃথক দুটি সিন্ডিকেট সক্রিয়। রঙিন পাথর বা দানা পাচারের সিন্ডিকেটটি চালায় নওগাঁর নিতপুরের নুরুল হুদার দুই ছেলে আমিরুল ও জামিরুল। তারা মাঠপর্যায়ে আতাউর রহমান মিশু, মোসাদ্দেক ও আতাবুলের মাধ্যমে নামমাত্র দামে দানা সংগ্রহ করায়। এসব সংগ্রহ করা দুষ্প্রাপ্য পাথর বগুড়ার নন্দীগ্রামের কীটনাশক ব্যবসায়ী সবুজের কাছে হস্তান্তর করা হয়। সবুজ সরাসরি ঢাকার মূল ক্রেতা ও বিদেশি বায়ারদের কাছে তা পৌঁছে দেয়।
অন্যদিকে দেশের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান বগুড়ার প্রাচীন মহাস্থানগড় এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ নানাবিধ নিদর্শন বেচাকেনা তদারকি করে সুজন, ধলু, জহুরুল (যিনি আগে হাটে সবজি বিক্রি করতেন) এবং বর্তমানে কারাগারে থাকা রফিক। এদের সঙ্গে সিংড়ার কালীগঞ্জের পওতা গ্রামের সাইদুর, থাওল গ্রামের মহসিন এবং শেরপুরের ফারুক, সুলতান ও গোপী ঘোষ জড়িত। নাটোরের সিংড়ার চিহ্নিত মূর্তি ব্যবসায়ী মহসিন, তার ছেলে আবু সাঈদ, সাঈদুল এবং পাটুল এলাকার মামুন তৃণমূল থেকে কষ্টিপাথর সংগ্রহ করে। এর সঙ্গে সিরাজগঞ্জের স্থানীয় মধ্যস্বত্বভোগীরাও জড়িত।
সারা দেশ থেকে সংগৃহীত কষ্টিপাথর, দানা ও মূর্তি শেষপর্যন্ত রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটকেন্দ্রিক শীর্ষ মাফিয়া জাকিরের হাতে গিয়ে পৌঁছায়। জাকিরের এই সিন্ডিকেটে জড়িয়ে আছে তার ছেলে সুমন, সিরাজের দুই ছেলে সমসের ও মামুন, আবুল ও তার ফ্রান্সপ্রবাসী ছেলে জিতু, জলিলের মেয়ে নাসরিন এবং নান্নুসহ আরও কয়েকজন। এই চক্রের শীর্ষ সদস্য জাফর ভারতে প্রত্নসম্পদ পাচারকালে ধরা পড়ে দীর্ঘদিন জেলে ছিল। জেল থেকে বেরিয়ে এসে সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পুরোনো কাসার দোকান খুলে বিদেশি বায়ারদের টার্গেট করে একই কারবার চালিয়ে যাচ্ছে। বিদেশি ক্রেতারা বারিধারার স্যুট প্যালেসসহ বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে এসব লেনদেন চূড়ান্ত করে।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সমস্ত প্রত্ননিদর্শন সরাসরি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের নিয়ম। মাটির নিচে পাওয়া ঐতিহাসিক যেকোনো বস্তুর একমাত্র মালিক রাষ্ট্র। সাধারণ নাগরিকরা কোনো নিদর্শন খুঁজে পেলে তা ব্যক্তিগতভাবে বেচাকেনা করা বা নিজের কাছে রেখে দেওয়া সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

