সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে হাল-চাষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ৪ বিঘা আয়তনের একটি খেলার মাঠ দখল করে হাল-চাষ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে এই দখলের ঘটনাটি ঘটে। মাঠটি উদ্ধারের দাবিতে ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমি ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন মানবজমিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জায়গাটি খাস খতিয়ানভুক্ত। ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য মাটি ভরাট করেছিলেন। তবে গুচ্ছগ্রাম প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় মাঠটি স্থানীয় যুব সমাজ ও কিশোররা ফুটবল ও ক্রিকেট খেলার কাজে ব্যবহার করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় বরং সরকারি খাস সম্পত্তি।

অভিযোগ উঠেছে, সরকার বংশের হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার ট্রাক্টর দিয়ে মাঠটিতে হাল-চাষ শুরু করেছেন। নওকৈড় গ্রামের বাসিন্দা বরাত আলী প্রামাণিক জানিয়েছেন, জায়গাটি সরকারি খাস হওয়ায় কেউ এর খাজনা-খারিজ করতে পারে না। শওকত চেয়ারম্যানের সময় মাটি ভরাট হওয়ার পর থেকেই মাঠটি খেলার কাজে ব্যবহৃত হচ্ছে।

তবে অভিযুক্ত হেকমত আলী সরকার ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, মাঠ দখলের বিষয়টি তিনি আগে জানতেন না। অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।