একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় কথিত ‘ক্রসফায়ারে’ নিহত একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তদন্ত শেষে এই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, একরামুল হককে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্তে একরামুল হক হত্যাকাণ্ডে মোট ১১ জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে। এখন প্রসিকিউশন প্রতিবেদনটি পর্যালোচনা করবে এবং এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করবে। পরবর্তীতে শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় একরামুল হক কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে একটি অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এরপরই এ ঘটনাকে কেন্দ্র করে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং দীর্ঘ তদন্ত শেষে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হলো।