শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অর্থ লোপাটের সিন্ডিকেট সক্রিয়

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈধ কাগজপত্র এবং সঠিক ভিসা-টিকিট থাকার পরেও যাত্রীদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার ও গ্রাউন্ড সার্ভিস বিভাগের কর্মীদের একটি অসাধু সিন্ডিকেট চেকইন থেকে শুরু করে বোর্ডিং পাশ পর্যন্ত প্রতিটি ধাপে যাত্রীদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। যুগান্তরের মাসব্যাপী অনুসন্ধানে বিমানবন্দরে এই ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, বিমানবন্দরের প্যাসেঞ্জার সার্ভিস বিভাগের একজন কাউন্টার সুপারভাইজার ও একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নেতৃত্বে এই চক্রটি পরিচালিত হচ্ছে। চক্রের সদস্য হিসেবে গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার মো. জসিম উদ্দিন (জি-৫২১৯৫), গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট মোহাম্মাদ বুরহান উদ্দিন (জি-৫৩০৪৭) এবং জিএসএ মিজানুর রহমান ফিরোজের (জি-৫৩০৩০) নাম উঠে এসেছে। তারা চেকইন ব্যাগেজের ওজনের হিসাবে কারচুপি, অতিরিক্ত চার্জ আদায় ও আত্মসাৎ, এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে যোগসাজশে বিজনেস ক্লাসে আসন বরাদ্দের বিনিময়ে উৎকোচ নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত।

গত ১৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটের যাত্রী মাহমুদ সারওয়ার চেকইনের জন্য জিএসএ মিজানুর রহমান ফিরোজের কাউন্টারে যান। তার সঙ্গে চারটি লাগেজ ছিল। এ সময় ব্যাগেজ এলাকায় কর্মরত হেলপার ইব্রাহিম ওই যাত্রীর সঙ্গে ৫২ হাজার টাকার বিনিময়ে অতিরিক্ত দুটি ব্যাগ চেকইনের চুক্তি করেন। পরে ইব্রাহিম জিএসএ মো. বুরহানের সঙ্গে যোগাযোগ করলে বুরহান ওই যাত্রীকে ফিরোজের লাইনে যাওয়ার পরামর্শ দেন। রাত ১২টা ৫১ মিনিটে ফিরোজ মাহমুদের নামে ২৩ ও ২২ কেজি ওজনের দুটি ব্যাগ চেকইন করেন। তবে অতিরিক্ত দুটি ব্যাগ যাত্রীর নিজের নামে ট্যাগ না করে অন্য একটি গ্রুপের চারজন যাত্রীর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। ওই চার যাত্রীর টিকিট নম্বর ছিল ৯৯৭২১০২২১৫৮৬১/২/৩/৪ এবং সিকোয়েন্স নম্বর ১৩৬ থেকে ১৩৯। তাদের চেকইন রাত ১১টা ১৮ মিনিটে সম্পন্ন করেন জিএসএ বুরহান। চার যাত্রীর জন্য মোট আটটি ব্যাগের সুবিধা থাকলেও তারা পাঁচটি ব্যাগ জমা দেন। অভিযোগ অনুযায়ী, বুরহানের পরামর্শে ফিরোজ ওই গ্রুপের সঙ্গে আরও দুটি ব্যাগ যুক্ত করেন। সিকোয়েন্স ১৩৭-এর যাত্রী রুমেনা/হুসনা জান্নাতের নামে দুটি ব্যাগের ট্যাগ ইস্যু করা হয়।

বৈধ ৯ যাত্রী, জনপ্রতি ১৫ হাজার টাকা : শুধু অতিরিক্ত ব্যাগেজ নয়, বোর্ডিং পাশ আটকেও অর্থ আদায় করে চক্রটি। ২১ জুলাই বিজি-৩২৭ ফ্লাইটে আবুধাবি হয়ে পর্তুগালগামী ৯ যাত্রীর কাগজপত্র পাসপোর্ট চেকিং ইউনিট (পিসিইউ) শাখার কর্মীরা যাচাই করে চেকইনের অনুমতি দেন। কিন্তু কাউন্টার সুপারভাইজার তাদের চেকইন না করে জনপ্রতি ১৫ হাজার টাকা দাবি করেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর সংশ্লিষ্ট এজেন্সি টাকা দিতে রাজি হলে তাদের বোর্ডিং পাশ দেওয়া হয়।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর অনিয়ম হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীসেবা কোনোভাবেই অর্থ আদায়ের হাতিয়ার হতে পারে না। তিনি সংশ্লিষ্ট কর্মীদের সিস্টেম লগ, ব্যাগেজ ট্যাগ, পেমেন্ট রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বিমানের গ্রাহকসেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য এয়ারপোর্ট সার্ভিস বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না, কারণ যাত্রী হয়রানি রোধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে।