সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না, যাচাই করবে প্রসিকিউশন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় আনা যায় কি না, তা আইনগতভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে মামলার বাদী নওশের রোমান চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি ট্রাইব্যুনালে আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।

রোববার চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে মামলার বাদী নওশের রোমান সাংবাদিকদের জানান, আগামীকাল তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। তিনি আরও বলেন, মামলার তদন্তে নতুন করে যাদের নাম উঠে আসছে, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে বিষয়েও তিনি চিফ প্রসিকিউটরের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার হয়, সেটিই তাদের মূল লক্ষ্য।

এ সময় প্রসিকিউটর তানভীর জোহা সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে নতুন করে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার কথা জানান। তিনি বলেন, তিন থেকে চারজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছিল যে, ভিন্ন একটি মামলার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতেই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।