ইউক্রেন এক রাতে রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তাদের ভাষ্যমতে, এটি চলতি বছরের সবচেয়ে বড় হামলা, যেখানে ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এই ভয়াবহ হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।
মস্কো অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাশিয়ার রাজধানীর ওপর সাম্প্রতিক সময়ে চালানো এটি অন্যতম বড় ড্রোন হামলা। এই হামলায় মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের কোলোদিনো এলাকায় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে আঘাত হানা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এই গুদামে হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বিভিন্ন ভিডিও ফুটেজে গুদামটিতে বড় ধরনের আগুন এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। জুলাই মাস থেকেই ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলো ইউক্রেনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনের দাবি, রুশ সেনাবাহিনীর লজিস্টিকস সহায়তা ব্যাহত করতেই তারা এই কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে। সর্বশেষ এই হামলায় ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিকস কেন্দ্রের সাতটিই অচল হয়ে পড়েছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন। এছাড়া ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক বাসে হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।
একই সময়ে ইউক্রেনেও রাশিয়ার পাল্টা হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা যেমন বেড়েছে, তেমনি পাল্টাপাল্টি হিসেবে ইউক্রেনও রাশিয়ার গভীরে ড্রোন হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

