প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করে দেখছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দেশটির অবস্থান স্পষ্ট করার পর ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ এই পর্যালোচনার সম্ভাব্য খাত ও চুক্তির বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে শেখ হাসিনার শাসনামলে সম্পন্ন ট্রানজিট সুবিধা, বিনিয়োগ, বিদ্যুৎ, সড়ক, রেল এবং বন্দর অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা প্রশাসন বর্তমানে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) একটি পূর্ণাঙ্গ নিরীক্ষা চালাচ্ছে। বাংলাদেশি কর্মকর্তাদের ভাষ্যমতে, এই পর্যালোচনার মূল উদ্দেশ্য হলো অবকাঠামোগত শর্তাবলী এবং এমওইউগুলোকে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। প্রকল্পগুলো ঢালাওভাবে বাতিল না করে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে মূল্যায়ন করার নীতি গ্রহণ করা হয়েছে।
পর্যালোচনার অন্যতম বিষয়বস্তু হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহণের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দরের ট্রানজিট সুবিধা। ঢাকা কর্তৃপক্ষ ট্রানজিট ফি ও রুট সুবিধা নিয়ে পুনর্বিবেচনা করছে, কারণ পূর্ববর্তী শর্তাবলী ভারসাম্যহীন ছিল বলে মনে করা হচ্ছে। ফি পুনর্গঠন বা প্রশাসনিক বিলম্বের কারণে ভারতের ট্রানজিট খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া, আন্তঃসীমান্ত ডিজেল পাইপলাইন এবং আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুতের আর্থিক বিষয়গুলো পুনঃআলোচনার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশে সড়ক, রেল ও বন্দর উন্নয়নে ৭ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে আশুগঞ্জ-আখাউড়া সড়ক সম্প্রসারণের মতো বেশ কিছু প্রকল্প বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে সম্ভাব্যতা যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। বিনিয়োগের শর্তে পরিবর্তন, বিলম্ব বা অব্যয়িত তহবিল বাতিলের ফলে ভারতীয় বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
কৌশলগত দিক থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি সীমান্ত চোরাচালান, অবৈধ অভিবাসন এবং ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীর উত্থান রোধে ঢাকার সহযোগিতা পেয়ে এসেছে। তবে বাংলাদেশ এখন ভারত-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে এসে চীন, যুক্তরাষ্ট্র ও আসিয়ানসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে নয়াদিল্লি যোগাযোগের পথ খোলা রেখে বাস্তবসম্মত পন্থা অবলম্বন করছে বলে প্রতিবেদনে জানানো হয়।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো তারা দেখেছেন, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি আরও যোগ করেন, এ বিষয়ে ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

