রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে বরখাস্ত ওসি রাকিবুল

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য বরখাস্ত হওয়া ওসি মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে রাকিবুল হাসানকে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করতে শোনা যায়। অডিওতে তাকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে এবং পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ তুলতে শোনা গেছে। অডিওর এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে আসলে কিছু হবে না এবং পুলিশ তাকে ঠেকাতে পারবে না।

এই অডিও ভাইরাল হওয়ার পর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৭ সেপ্টেম্বর রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়। এরপর ডিএমপির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে একই থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন রিমান্ডের বিরোধিতা করে বলেন, তাকে সাত দিন ডিবি কার্যালয়ে কেন রাখা হয়েছিল তার আইনি ব্যাখ্যা নেই এবং অভিযোগগুলো অতিরঞ্জিত। তিনি দাবি করেন, রাকিবুল এ ধরনের বক্তব্য দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট, সরকার পতনের ষড়যন্ত্র এবং প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সম্পর্কে বিদ্বেষ সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলার সুষ্ঠু তদন্ত ও অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্ত করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।