রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার তিন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আহসান হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তীকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

একই সাথে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ছয় নেতাকে শোকজ করা হয়েছে। শোকজ প্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু।

শোকজ নোটিসে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে ভিডিও ধারণ করার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় চার সাংবাদিক গুরুতরসহ ১০ জনের বেশি সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।