ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দীর্ঘ ৯ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাত ৮টার পর তাদের আটক করা হয়।
ইন্ডিয়া জোটের আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিটি ছিল আকাশবাণী ভবন চত্বরে। জ্ঞানেশ কুমারের নেওয়া কথিত ‘একতরফা’ সিদ্ধান্ত এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে অনিয়মের অভিযোগ তুলে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও নেতারা এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন।
আটকের সময় পুলিশ তাদের একটি বাসে তুলে নিয়ে যায়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, কংগ্রেস কর্মীরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে বাসে তুলছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই ভাই-বোনসহ আটক নেতাদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
উল্লেখ্য যে, মঙ্গলবার এটিই তাদের প্রথম আটক হওয়ার ঘটনা ছিল না। এর আগে দুপুরের দিকেও তাদের অল্প সময়ের জন্য পুলিশি বাসে তোলা হয়েছিল, তবে সেবার তারা বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাদের আটক করা হয়।

