সোমবার থেকে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সেবা চালুর ঘোষণা

রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, প্রায় ৫০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই সেবামূলক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। সোমবার থেকে সংস্কারের কাজ শুরু করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, স্বাস্থ্যসেবা যেন একদিনের জন্যও বন্ধ না থাকে, সে বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। বিশেষ করে শিশুদের টিকাদানসহ অন্যান্য চিকিৎসা সেবা দ্রুতই স্বাভাবিক করা হবে।

স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আমিনুল হক বলেন, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ধ্বংসযজ্ঞ অত্যন্ত মর্মাহত হওয়ার মতো এবং এই কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় পাবে না।

ঘটনার আইনি পদক্ষেপের বিষয়ে তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্রের জায়গা নিয়ে কোনো আইনি দাবি থাকলে তা আইনগত প্রক্রিয়ায় বা আদালতের মাধ্যমে উত্থাপন করতে হবে, রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলার অধিকার কারও নেই। জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।

তদন্তের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তদন্তে কোনো দলীয় নেতাকর্মী বা সংসদ সদস্যের নাম উঠে এলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। এর আগে পুলিশ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।