যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও নতুন উড়োজাহাজ কেনার সাহসী সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বিশেষ চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউজের প্যাডে পাঠানো ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, এই উদ্যোগের কথা আমি ভুলব না। এছাড়া চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।
চিঠিতে ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এর আগে গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর একটি এক্স পোস্টে জানান, নতুন চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। সার্জিও গর উল্লেখ করেন, এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বোয়িং কেনাকাটা নিয়ে একটি অভূতপূর্ব চুক্তি হয়েছে। এই তথ্য প্রকাশের একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠালেন।

