ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নির্ধারণে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ সংক্রান্ত কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বলেন, শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সরাসরি সম্পৃক্ত করতে হবে। বাড়িঘর ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট কর্মীদের সমন্বিতভাবে এই কার্যক্রমে যুক্ত করার নির্দেশ দেন। মাঠপর্যায়ে গৃহীত এসব সিদ্ধান্তের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর ওপর আলোচনা হয়। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে, যাতে আক্রান্ত রোগীর শরীর থেকে মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

