প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
ক্ষমতা গ্রহণের মাত্র সাত মাস পার হতেই দেশের রাজনীতিতে নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বিস্তার লাভ করছে বলে আলোচনা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছেন, অন্যদিকে বিরোধী দলগুলোও একদফা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। কেবল এই দুই রাজনৈতিক চাপই নয়, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি পুলিশ, সিভিল প্রশাসন এবং অর্থনৈতিক খাতেও নানামুখী চক্রান্তের আভাস মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতিতে এক ধরনের অশনিসংকেত স্পষ্ট হয়ে উঠছে, যা নিয়ন্ত্রণে এখনই সরকার ও বিরোধী দলগুলোকে সতর্ক হতে হবে। অন্যথায় জুলাই গণ-আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এই পরিস্থিতির সুযোগ নিতে পারে।
ইতিমধ্যেই রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত দলটির উসকানিতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এসব ঘটনায় পুলিশের একটি অংশের ভূমিকা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, যাদের সঙ্গে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সিভিল প্রশাসন কতটা প্রাসাদমুক্ত, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী মনে করেন, পরাজিত শক্তি সবসময়ই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া থাকে। বিগত দেড় দশকে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, তারাই আজ ফেরার চক্রান্ত করছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এই গোষ্ঠী আরও বড় ধরনের সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ বাড়াতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার ফেরার সম্ভাবনা কম হলেও তার পলাতক সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই সরকারকে কঠোর অবস্থানে যাওয়ার পাশাপাশি বিদেশি পরাশক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া জোরদার করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়েছিল। বর্তমানে রাজনীতিতে এক ধরনের নৈতিক শক্তির ঘাটতি ও সুবিধাবাদী রূপ দেখা যাচ্ছে। তবে আওয়ামী লীগ কিছুটা অস্থিরতা তৈরি করতে পারলেও তাদের ফিরে আসার মতো নৈতিক শক্তি নেই। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের নীতিনির্ধারকরা পশ্চিমা ধাঁচের গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় সবকিছু সরলভাবে দেখছেন। ফলে সরকারের ভেতরে-বাইরে আসল সুহৃদ ও ষড়যন্ত্রকারীদের চেনা কঠিন হয়ে পড়েছে। গোয়েন্দা রিপোর্টেও বিভ্রান্তিকর তথ্য আসছে। এর ওপরে যুক্ত হয়েছে ‘ভাগ করো ও শাসন করো’ নীতি, যেখানে প্রশাসন ও পুলিশের বিভিন্ন অংশ একে অপরকে ‘জামায়াত’ বা ‘আওয়ামী লীগের দোসর’ বলে ব্লেম গেমে মেতেছে। সরকারের একটি অংশ নিজেদের পছন্দের লোককে গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রতিযোগিতায় নামায় নিয়ন্ত্রণ আরও শিথিল হয়ে পড়ছে।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়টি সম্প্রতি দুটি ঘটনায় বিশেষভাবে সামনে এসেছে। প্রথমত, গত ১১ সেপ্টেম্বর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জেরে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়। দ্বিতীয়ত, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না আসলে… রাস্তার পুলিশ ভয়ানক দুর্বল। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল।’ ওই অডিওতে তিনি প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করার পাশাপাশি ওসির পদায়নে টাকা লেনদেনের অভিযোগও তোলেন।
এরই মধ্যে গত শুক্রবার রাজধানীর তিনটি স্থানে বাসে আগুন দেওয়া হয় এবং রাতে ভারতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় যুক্ত হন শেখ হাসিনা। একই দিনে রাজধানীর ৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে এবং শনিবারও একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি চলছে। শনিবারের লংমার্চ থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে তাদের আট দফা আন্দোলন পরবর্তীতে সরকার পতনের ‘একদফা’ আন্দোলনে রূপ নিতে পারে।
এসব ঘটনাকে দেশের রাজনীতির জন্য বড় সংকেত হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াযযেম হোসেন আলাল। তিনি অতীতে বিএনপির শাসনামলে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা এবং বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের উত্থানের প্রসঙ্গ টেনে বলেন, এসব ঘটনা নিছক বিচ্ছিন্ন নয়। তৎকালীন সরকার তা প্রতিহতের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ওয়ান-ইলেভেন এসে দীর্ঘ সময়ের জন্য গণতান্ত্রিক রাজনীতি বন্ধ করে দিয়েছিল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মনে করেন, ষড়যন্ত্রকারীরা মূলত সরকারের ভেতরেই রয়েছে। তাদের যোগসাজশেই গুলশানের মতো এলাকায় আওয়ামী লীগ মিছিল করার দুঃসাহস পেয়েছে। তিনি জুলাইয়ের ঐক্য ধরে রাখার এবং সরকারের মধ্যকার বিভেদ বন্ধের আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ হামলা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে মূলধারার রাজনীতিতে ফিরতে পারবে না, তারা কেবল নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের ভেতরে যারা অভ্যুত্থান মেনে নেয়নি, তারা ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। দলটির আরেক যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার বলেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না, তবে ছাত্র-জনতা কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেবে না।

