ডিএনসিসির ডেঙ্গু প্রতিরোধ স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্থাপিত স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এই স্টলটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করেন।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে। ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ১ হাজার ৫০০ সদস্যের সমন্বয়ে গঠিত ২৪টি দল একযোগে কাজ শুরু করেছে। এই দলগুলো বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লার্ভা ও এডিস মশার উৎসস্থল ধ্বংস (সোর্স রিডাকশন) করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস ঘিরে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫, বিশেষ করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভানিধন এবং সোর্স রিডাকশন কার্যক্রম জোরদার করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, তাদের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমে পূর্বে চিহ্নিত ডেঙ্গু হটস্পট, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুধু মশা নিধনই নয়, বরং এডিসের প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি নিষ্কাশন এবং লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশন প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।