জামিনে বেরিয়েই সাতকানিয়ায় খুন সিএমপির শীর্ষ তালিকাভুক্ত ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতকারীর তালিকায় তার নাম ছিল এক নম্বরে। আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফেরার মাত্র কয়েক মাসের মাথায় তিনি এই হত্যাকাণ্ডের শিকার হলেন।

গত রবিবার রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় গ্রামের ভাঙারগোড়া এলাকায় ফরিদ সওদাগরের দোকানের সামনে এই হামলা চালানো হয়। এ সময় জাহেদের সঙ্গে মোটরসাইকেলে থাকা মোহাম্মদ ওয়াহিদ (২৮) নামের আরেক যুবক গুরুতর আহত হন। আহত ওয়াহিদ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আবছারের ছেলে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

ঘটনার নেপথ্যে রয়েছে একটি গাছ চুরির ঘটনা ও রাজনৈতিক বিরোধ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫শে আগস্ট রাতে পুরানগড় ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয়ের সামনে থেকে দুটি আকাশমণি গাছ চুরি হয়। পরবর্তীতে গাছ দুটি বাজালিয়া ইউনিয়নের শেরে-বাংলা উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে বন বিভাগ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে ২৫ হাজার ৫০০ টাকায় গাছ দুটি নিলামে বিক্রি করা হয়। এর কয়েকদিন পর রাতে ওই গাছ কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা छात्रদল নেতা জয়নাল আবেদীন মানিক এই চুরির সঙ্গে জাহেদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

এই অভিযোগের জেরে রবিবার রাত ৮টার দিকে নতুনহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় জাহেদুল গেলে সেখানে মানিকের সঙ্গে তার দেখা হয়। গাছ চুরির অপবাদ দেওয়ার অভিযোগে জাহেদুল সেখানে মানিককে চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে মানিক ও তার সহযোগীরা জাহেদুলকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল নিয়ে বাজালিয়ার দিকে চলে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে জাহেদুল ও তার বন্ধু ওয়াহিদ বাজালিয়া থেকে ফেরার পথে দক্ষিণ পুরানগড়ের ভাঙারগোড়া ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন মানিক ও পুরানগড় ইউনিয়ন যুবদলের সংগঠক মোহাম্মদ রিদোয়ান ইসলামসহ তাদের সহযোগীরা সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতি রোধ করেন। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে জাহেদুলকে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পালিয়ে যান। স্থানীয়রা জানান, সে সময় নতুনহাট থেকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় করে আরও কিছু লোক ঘটনাস্থলে এসেছিল।

সিএমপি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর যে ৩৩০ জন দুষ্কৃতকারীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, জাহেদুল ইসলাম ছিলেন সেই তালিকার এক নম্বরে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে গত ১৯শে জানুয়ারি রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি এলাকায় ফিরে আসেন।

এই হত্যাকাণ্ডের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম জানান, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন চৌধুরী রাজিব ও সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। অভিযোগ প্রমাণিত হলে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের স্বজন ও আহত যুবকের সঙ্গে কথা বলেছে। অভিযুক্তদের ধরতে তাদের বাড়িতে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।