লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউসার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে রবিবার রাত থেকে প্রকৌশলীর ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে ঘুষ গ্রহণ করতে দেখা যায়।
ভিডিওর কথোপকথনে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায়, তিনি দুই কোটি টাকার নিচে কোনো কাজ করবেন না। তিনি বলেন, 'এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নেই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।' এ সময় তিনি দুর্নীতির হিসাব দিয়ে বলেন, '৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।' ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেলেও ওই ব্যক্তিদের মুখ স্পষ্টভাবে বোঝা যায়নি।
লক্ষ্মীপুর ফোর লেনের খুঁটি অপসারণ ও প্রতিস্থাপনের জন্য সড়ক ও জনপথ বিভাগ পিডিবিকে ৩১ কোটি টাকা প্রদান করেছে। সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হওয়ার কথা থাকলেও পিডিবি তা মানছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও ঠিকাদার সবুজের বিরুদ্ধে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর চার লেন উন্নয়ন কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
এর আগেও নুরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। গ্রাহকদের বিনামূল্যে মিটার দেওয়ার সরকারি নিয়ম থাকলেও তার বিরুদ্ধে মিটার প্রতি ২ হাজার টাকা এবং সিবিএ ফান্ডে ১৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া ১০ কিলোওয়াট লোডের ক্ষেত্রে ১ থেকে ১.৫০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে গত ৩রা জুলাই ২০২৫ তারিখে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য নির্বাহী প্রকৌশলীর সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

