নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে দেশটির পুলিশের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্যোগের চার দিন পেরিয়ে গেলেও এখনো আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির বিভিন্ন সংস্থা থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসায় সরকারি হিসাবের সঙ্গে সেগুলোর অমিল দেখা যাচ্ছে। দুর্গম অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, নিখোঁজের তালিকায় একই নাম বারবার আসা এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ না পড়ার কারণে নিহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতি জানা সম্ভব নয় বলে প্রশাসন জানিয়েছে।
উদ্ধার হওয়া শত শত মরদেহের পরিচয় শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে এবং সেগুলো বিকৃত হয়ে যাওয়ায় প্রশাসন গণকবর দেওয়ার কাজ শুরু করেছে। তবে ভবিষ্যতে স্বজনরা যাতে পরিচয় নিশ্চিত করতে পারেন, সেজন্য সমাহিত করার আগে প্রতিটি মরদেহের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনডিআরআরএমএ (NDRRMA) জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ২ হাজার ৭১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা উপদ্রুত এলাকাগুলো থেকে ৮ হাজার ১৮৬ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

