কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। এতে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।
ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান এমপি নুসরাত তাবাসসুম। তিনি বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই একে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি। তিনি জানান, বাড়িটিতে তার পরিবারের কেউ বসবাস করেন না, তবে বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকতেন। এছাড়া বাড়ির ভেতরেই তার একটি খামার ছিল।
নুসরাতের বাবা আবদুল হালিম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। এটি আমাদের পৈতৃক বাড়ি এবং আগে আমরা এখানেই থাকতাম। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান জানান, রাতে ঘুমিয়ে থাকার সময় বিকট শব্দের পর আগুন দেখতে পান। এতে তার পরিবারের সবকিছু পুড়ে গেছে। খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় খামারের নয়টি বড় গরুসহ অন্যান্য গবাদিপশু বের করে আনা সম্ভব হলেও দুটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
ঘটনাস্থলের পাশেই নুসরাতদের তিনতলা একটি ভবন রয়েছে, যেখানে পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন সেই ভবনে ছড়িয়ে পড়েনি। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

