দেশের সব উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে সংসদ সদস্যদের (এমপি) জন্য পৃথক ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ২৯ জুলাই দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সুবিধাজনক স্থানে ওয়াশরুম-সংবলিত একটি পরিদর্শন কক্ষ তৈরি করতে হবে। তবে এই কক্ষ তৈরির ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদ্যমান কক্ষগুলো আগের মতোই সংরক্ষিত রাখতে হবে। এই পদক্ষেপ নেওয়ার পর তা স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
এর আগে গত ২১ এপ্রিল ও ৬ মে জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে এলে তাদের ব্যবহারের জন্য এই কক্ষগুলো রাখা হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এতদিন নির্ধারিত কক্ষ না থাকায় পরিদর্শনে আসা অতিথিরা উপজেলা চেয়ারম্যান বা ইউএনওর কক্ষ ব্যবহার করতেন, যার ফলে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটত। এই সমস্যা সমাধানেই এখন আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।
নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নকশায়ও এই পরিদর্শন কক্ষ অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কক্ষ নির্মাণ বা সংস্কারের ব্যয় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত অথবা সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ থেকে বহন করা যাবে। জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এর আগে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সংসদ সদস্যদের জন্য আলাদা বসার কক্ষের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এই নির্দেশনার মাধ্যমে কার্যকর করা হচ্ছে।

