বিএনপিকে ফ্যাসিবাদ বলায় জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলেন, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি-না, সেটা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।

মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছি এবং সরকার গঠন করেছি। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। জামায়াতে ইসলামীর আমীর সাহেবকে তাদের গঠনতন্ত্র পড়ে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, উনারা গণতান্ত্রিক দল কি-না, সেটা উনারাই বিবেচনা করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে প্রেসিডেন্ট নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়া হবে।

সরকারের চার মাসের কার্যক্রমের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এরমধ্যে সরকার কৃষি উন্নয়নের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই বছরের শেষে নয় তো আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।