মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মাদক নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু থানা পুলিশ বা ম্যাজিস্ট্রেটের পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়। তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, গ্রাম বা এলাকায় কারা মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত, তা স্থানীয় বাসিন্দারা যতটা জানেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততটা জানে না। তাই পুলিশকে সময়মতো সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব জনগণের।
ডা. এ জেড এম জাহিদ হোসেন পরিষ্কারভাবে জানান, জনগণ প্রশাসনকে সহযোগিতা করার পরও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা না নেয়, তবে বিষয়টি দেখার দায়িত্ব তার নিজের। তিনি উল্লেখ করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যারা মাদক গ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি। এছাড়া তিনি সামাজিক অস্থিরতা রোধে প্রতিটি পাড়া, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মাদক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

