দেশের বর্তমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের আত্মঘাতী নীতি, অদূরদর্শিতা এবং দলীয় ব্যবসায়ী বন্ধুদের স্বার্থ রক্ষার প্রবণতাকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, আগের সরকার তাদের অনুগত ব্যবসায়ীদের সুবিধা দিতে বিদেশ-নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছিল এবং দেশের অভ্যন্তরীণ সম্পদ অনুসন্ধানে কোনো গুরুত্ব দেয়নি। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে দৃশ্যমান এই সংকট মূলত পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনারই ফসল। তবে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই ভঙ্গুর পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই আন্তর্জাতিক গালফ ওয়ারের কারণে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। তবুও দেশের কৃষকদের স্বার্থে বোরো মৌসুমে সেচ কাজ নিরবচ্ছিন্ন রাখতে গত ১৪ এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। পরবর্তীতে সীমান্ত এলাকায় পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সামলাতে সরকার তেলের দাম পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছে। তিনি জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাড়তি কর না চাপিয়ে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জ্বালানি ঘাটতি মেটাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের কাজ সময়সাপেক্ষ হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। মাতাবাড়িতে চীন সরকারের সাথে জি-টু-জি চুক্তির মাধ্যমে তৃতীয় এফএসআরইউ ১৮ মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে একটি ভূমিনির্ভর এলএনজি টার্মিনাল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শত কিলোমিটার অ্যাডভান্সড পাইপলাইন নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, বড়পুকুরিয়ার দেশীয় কয়লা ব্যবহার করে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া পায়রা দ্বিতীয় পর্যায়ের ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শুরু করার বিষয়ে আন্তর্জাতিক অর্থায়নকারীদের সঙ্গে আলোচনা চলছে। গ্রিড লাইনের ঘাটতি থাকলে সরকার নিজস্ব জিওবি তহবিল থেকে অর্থায়ন করবে।
জ্বালানি উৎস বহুমুখীকরণের অংশ হিসেবে ভোলাতে গ্যাস উত্তোলনের উদ্যোগ এবং সেখানে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আহমদ আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অফশোর ও অনশোর সব জায়গায় অনুসন্ধান জোরদার করেছে। মাতারবাড়িতে এলপিজি টার্মিনাল ও স্টোরেজ অবকাঠামো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে এবং সমুদ্রের বৈরী আবহাওয়ায় গ্যাস খালাসের জন্য বিদেশি প্রতিষ্ঠানের সাথে ভাসমান সিবিএস প্রযুক্তির টার্মিনাল স্থাপনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পরিশেষে, বিরোধী দলের প্রস্তাবিত সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভঙ্গুর উত্তরাধিকার পেলেও প্রধানমন্ত্রী মাত্র ছয় মাসের মধ্যে ‘আই হ্যাভ প্ল্যান’ নীতির মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছেন। সরকারের মূল লক্ষ্য গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে কয়লা, বাতাস ও সৌরশক্তির সমন্বয়ে একটি টেকসই ও দুর্যোগ সহনশীল জ্বালানি খাত গড়ে তোলা, যা দেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করবে।

