সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত তার প্রথম পরিচিতি সভায় তিনি এই আহ্বান জানান। এদিন সকাল সাড়ে ৯টায় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করতে হবে, তবে কোনোভাবেই যেন তা কন্ট্রোলের দিকে না গড়ায়। গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিগত ১৭ বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
জুলাই আন্দোলনের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, সংবাদমাধ্যম বা সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং সরকার কী কাজ করছে, তা সঠিকভাবে তাদের সামনে তুলে ধরাই সরকারের নৈতিক দায়িত্ব। কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তিনি বলেন, প্রশাসনিক কাজে আপনারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা সবাই মিলে কাজ করবো, যাতে কোনো সিদ্ধান্তের কারণে কারো প্রতি অবিচার না হয়।
নতুন এই মন্ত্রী বলেন, আমাদের ইচ্ছা বাংলাদেশকে একটি নতুন দিকে নিয়ে যাওয়া এবং যে ড্যামেজগুলো হয়েছে তা মেরামত করে নতুন সিস্টেম ডেভেলপ করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে পরিচিতি সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য রাখেন।

