ঐতিহাসিক এক অধ্যায়ের সূচনা করে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে তাদের ত্রিপক্ষীয় সামরিক জোট ‘মক্কা প্রতিরক্ষা জোট’ (Mecca Defence Alliance) আত্মপ্রকাশ করেছে। এই নতুন প্রতিরক্ষা কাঠামোতে অন্যান্য মুসলিম দেশগুলোকে যুক্ত করার জন্য একটি সমন্বিত রোডম্যাপ তৈরির বিষয়েও তিন দেশ একমত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণে এই জোটের নাম চূড়ান্ত এবং সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পাকিস্তানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন। তুরস্কের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ও চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলু। সৌদি আরবের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং সামরিক প্রধান ফাইয়াদ আল-রুওয়াইলি।
বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে এই জোটের একটি স্থায়ী সচিবালয় স্থাপন করা হবে। এছাড়া জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের একজন প্রতিনিধি দায়িত্ব গ্রহণ করবেন। হাকান ফিদান আরও বলেন, এই চুক্তির মাধ্যমে অঞ্চলে একটি নতুন নিরাপত্তা ও সহযোগিতা কাঠামোর পরীক্ষামূলক যাত্রা শুরু হলো। জোটটি আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাই এর মূল স্তম্ভ। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠা পর্বের কঠিন কাজটি সম্পন্ন করতে তারা এখন একযোগে কাজ করছেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আরও ৬ থেকে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আগ্রহী দেশগুলোর নাম তিনি এখনো প্রকাশ করেননি।

