মানিকগঞ্জে অস্বাস্থ্যকর মিষ্টি কারখানা, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ শহরের বেউথা ও দাশড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও খাদ্যপণ্য সংরক্ষণে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিসার মোছাঃ রৌশন আরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন কর্মকর্তারা কারখানাগুলোতে চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান। সেখানে একবার ব্যবহার করা তেল পুনরায় মিষ্টি তৈরিতে ব্যবহারের প্রমাণ মিলেছে। এছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খোলা শরীরে মিষ্টি তৈরির মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রেও বিধিমালা মানা হচ্ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই অনিয়মের দায়ে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা এবং সুইট হ্যাভেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিবেশ উন্নত করা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।