বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির পক্ষ থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবার শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় দক্ষতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের আগে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তারা বিদেশে গিয়ে হয়রানির শিকার হতে পারেন, তাই সরকার এই বিষয়ে সতর্ক। নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মী বাছাই করবেন এবং এরপরই তাদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হবে। এই ১০ হাজার শ্রমিকের মাধ্যমে বিনামূল্যে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

পরবর্তী ধাপে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। তবে শ্রমিক পাঠানোর সামগ্রিক প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। মেডিকেল পরীক্ষাসংক্রান্ত বিষয়সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও শ্রমিক হয়রানির যে অভিযোগ উঠেছিল, তা এড়াতে সরকার এবার কঠোর নজরদারি বজায় রাখবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

শ্রমিক পাঠানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে, যার মাধ্যমে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে চাকরিপ্রার্থী এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার একটি ডাটাবেস তৈরি হবে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার আয়োজন এবং চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।