মালয়েশিয়ায় বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষে নিহত ৩, আটক ১

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে বিকেলে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) নেগরি সিমবিলান পুলিশের বরাতে নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এ ঘটনায় গুরুতর আহত আরও এক বাংলাদেশি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে আনুমানিক ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ প্রধান আরও জানান, প্রাথমিক তদন্তের সূত্র ধরে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি এবং পরবর্তীতে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, সংঘর্ষে জড়িতরা সবাই সহকর্মী ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো পূর্বের অপরাধমূলক রেকর্ড নেই বলে জানিয়েছে পুলিশ। তাকে রিমান্ডে নেওয়ার আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।