মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিসটি প্রদান করেন।
নোটিসে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে এই নোটিস পাঠানো হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই আইনি নোটিসটি পৌঁছে দেওয়া হয়েছে।

